সঞ্চয়পত্রের মুনাফা আর ভুল ব্যাংক হিসাবে যাবে না, স্বস্তি ৪০ লাখ গ্রাহকের

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের আর ভোগান্তিতে পড়তে হবে না। এতে ভুল হিসাবে

2026-09-14T22:35:48+00:00
2026-09-14T22:35:48+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
সঞ্চয়পত্রের মুনাফা আর ভুল ব্যাংক হিসাবে যাবে না, স্বস্তি ৪০ লাখ গ্রাহকের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম 
বিনিয়োগকারীদের আর ভোগান্তিতে পড়তে হবে না। ছবি : সংগৃহীত
সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের আর ভোগান্তিতে পড়তে হবে না। এতে ভুল হিসাবে টাকা চলে যাওয়ার ঝুঁকিও কমবে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই ব্যবস্থা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে চালু করা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এ ব্যবস্থা কার্যকর হবে।

নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। প্রথমে হিসাব নম্বরটি সঠিক ও সচল কি না, তা দেখা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। ফলে টাকা পাঠানোর আগেই ভুল বা অসামঞ্জস্য ধরা পড়বে।

এতদিন অনলাইন সিস্টেমে ব্যাংক হিসাব স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের সুযোগ ছিল না। আবেদনকারী যে হিসাব নম্বর দিতেন, সেটিই সিস্টেমে সংরক্ষণ করা হতো। কোনো সংখ্যা ভুল হলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো মুনাফা বা মূল টাকা ফেরত আসত। পরে তথ্য সংশোধন করে আবার টাকা পাঠাতে হতো।

এতে বিনিয়োগকারীদের ভোগান্তির পাশাপাশি ইস্যু অফিস, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজও বেড়ে যেত। ভুল হিসাব নম্বরের কারণে একজনের প্রাপ্য অর্থ অন্য ব্যক্তির হিসাবে চলে যাওয়ার আশঙ্কাও ছিল।

এভিএস চালুর ফলে নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় যেমন ব্যাংক হিসাব যাচাই হবে, তেমনি পরে বিনিয়োগকারী হিসাব পরিবর্তন বা সংশোধন করতে চাইলেও নতুন হিসাবটি একইভাবে যাচাই করা হবে।


জাতীয় সঞ্চয় অধিদফতরের মতে, এভিএস চালুর ফলে ভুল ব্যাংক হিসাব নম্বর দেওয়ার ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। এতে ইএফটি ফেরত আসার প্রবণতা কমবে এবং বিনিয়োগকারীদের ভোগান্তিও কমবে। একই সঙ্গে প্রকৃত হিসাবধারীর হিসাবে নিরাপদে ও নির্ভুলভাবে অর্থ পাঠানো সহজ হবে।

অর্থ বিভাগের মতে, এভিএস জাতীয় সঞ্চয় স্কিমের ডিজিটাল সেবা আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিত এ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে সঞ্চয়পত্রের লেনদেন আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।

সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টি বর্তমানে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এ সিস্টেমে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইএফটির মাধ্যমে মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সঞ্চয়পত্র  মুনাফা  ভুল ব্যাংক হিসাব  স্বস্তি  ৪০ লাখ গ্রাহক 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: