রাজস্ব আদায়ে করদাতাদের বাড়ি বাড়ি এনবিআরের চিঠি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

2026-10-30T22:46:45+00:00
2026-10-30T22:46:45+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
অর্থনীতি
রাজস্ব আদায়ে করদাতাদের বাড়ি বাড়ি এনবিআরের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পিএম 
ছবি : এআই জেনারেটেড
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রা মাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। রাজস্ব আদায়ের এই বড় ঘাটতি মোকাবিলায় করজাল সম্প্রসারণ ও রিটার্ন দাখিল নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। রিটার্ন জমা না দেওয়া করদাতাদের বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে। পাশাপাশি মৃত ও নিষ্ক্রিয় টিআইএনধারীদের শনাক্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। অথচ গত অর্থবছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন মাত্র ৫০ লাখের মতো করদাতা। অর্থাৎ প্রায় ৮০ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দেননি। তাদের মধ্যে কতজন মারা গেছেন, কতজনের করযোগ্য আয় নেই আর কতজন ইচ্ছাকৃতভাবে রিটার্ন দিচ্ছেন না, সেই সুনির্দিষ্ট তথ্য নেই এনবিআরের কাছে।

এনবিআরের কর্মকর্তারা জানান, বিপুলসংখ্যক টিআইএনধারী থাকলেও তাদের সবাইকে কার্যকর করজালের আওতায় আনা যাচ্ছে না। বিশেষ প্রয়োজনে টিআইএন নিয়েছেন, কিন্তু বর্তমানে করযোগ্য আয় নেই; এমন ব্যক্তিরাও রয়েছেন। আবার রিটার্ন জমা না দেওয়া ব্যক্তিদের একটি অংশ মারা গেছেন। ফলে প্রকৃত করদাতা ও নিষ্ক্রিয় টিআইএনধারীদের আলাদা করে শনাক্ত করা জরুরি হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন কর্মকর্তা জানান, রিটার্ন জমা না দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনাক্ত করে প্রতিটি কর অঞ্চল থেকে চিঠি পাঠানো হচ্ছে। তবে করদাতাদের ঠিকানা ভুল কিংবা হালনাগাদ না থাকায় পাঠানো চিঠির প্রায় ৪০ শতাংশ ফেরত আসছে। বিপরীতে জবাব দিচ্ছেন মাত্র ১০ শতাংশ করদাতা। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটেও নজরদারি কার্যক্রম বাড়ানো যাচ্ছে না।

দীর্ঘদিন ধরে রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের মধ্যে মৃত ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে এনবিআর। ভোটার তালিকা থেকে মৃত্যুজনিত কারণে বাদ পড়া ব্যক্তিদের তথ্যের সঙ্গে এনবিআরের টিআইএন ডেটাবেজ মিলিয়ে দেখা হতে পারে। পাশাপাশি জন্ম ও মৃত্যুনিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকেও তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। 

এসব তথ্যের ভিত্তিতে মৃত ব্যক্তিদের টিআইএন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মৃত ব্যক্তি কিংবা অপ্রয়োজনীয় টিআইএন অনলাইনে সরাসরি বাতিল করার ব্যবস্থা নেই। মৃত ব্যক্তির টিআইএন বাতিল করতে তার উত্তরাধিকারীকে সংশ্লিষ্ট কর অফিস বা সার্কেলে আবেদন করতে হয়। ফলে মৃত ব্যক্তিদের সমন্বিত তথ্যভান্ডার না থাকায় তাদের টিআইএন শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজেও জটিলতা তৈরি হচ্ছে। শুধু মৃত ব্যক্তিদের শনাক্ত করাই নয়, রিটার্ন না দেওয়া নিষ্ক্রিয় টিআইএনধারীদের চিহ্নিত করতেও কর অঞ্চলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঠিকানা ও যোগাযোগের তথ্য হালনাগাদ না থাকায় প্রত্যাশিত সাড়া মিলছে না। এ বিষয়ে করণীয় নির্ধারণে একটি কমিটিও গঠন করা হয়েছে। 


এ বিষয়ে পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, করজাল সম্প্রসারণের পাশাপাশি রিটার্ন দাখিলের কার্যকারিতা বাড়াতে হবে। মৃত ব্যক্তিদের নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি এবং এনবিআরের বিদ্যমান ডেটাবেজ হালনাগাদ করা জরুরি। 

এদিকে এনবিআরের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৯০ হাজার ৮২৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে মাত্র ১ দশমিক ৮৬ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   রাজস্ব আদায়  করদাতা  বাড়ি  এনবিআর  চিঠি 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: