ছেলেকে বিদেশে পাঠিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন মা জয়বাহার (৪৫) ও বাবা রাশিদ মিয়া। বিদেশ যাওয়ার প্রস্তুতি হিসেবে ছেলেকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন মা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় ছেলে নিরবকে।
ইটনা থানার ওসি মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরি বা মালবাহী গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
নিহত জয়বাহার জেলার ইটনা উপজেলা সদরের রাশিদ মিয়ার স্ত্রী। সোমবার ঢাকা যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিরব ও তার বাবা রাশিদ মিয়া আহত হন। গুরুতর আহত হন জয়বাহারও।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জয়বাহারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়ির ভেতরই তার মৃত্যু হয়।
সময়ের আলো/আতা