সরকারি বেতন কাঠামোয় বাড়ছে বেশিরভাগ ভাতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন

2026-09-16T00:38:52+00:00
2026-09-16T00:38:52+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
সরকারি বেতন কাঠামোয় বাড়ছে বেশিরভাগ ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে ঝুঁকি ভাতাও। তবে কমছে বাংলা নববর্ষের ভাতা।

সম্প্রতি মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন করা হলেও এখনও আইন মন্ত্রণালয়ের ভেটিং পাওয়া যায়নি। এ কারণে প্রজ্ঞাপন জারি করতে দেরি হচ্ছে বলে অর্থ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ভাড়া হবে মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ। অন্যান্য সিটি করপোরেশন এলাকায় এ ভাতা হবে সর্বোচ্চ ৪০ শতাংশ। এ ছাড়া অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া দেওয়া হবে।

চিকিৎসা ভাতার পরিমাণও বাড়ানো হচ্ছে। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ভাতা নির্ধারণ করা হচ্ছে। ৫০ বছর বয়স পর্যন্ত মাসে চিকিৎসা ভাতা পাওয়া যাবে ৩ হাজার টাকা। ৫০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ৪ হাজার, ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সি কর্মকর্তা-কর্মচারীরা মাসে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।

মোবাইল ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন কাঠামোয় সব গ্রেডের কর্মচারী এ ভাতা পাবেন। তবে গ্রেড অনুযায়ী ভাতার পরিমাণে পার্থক্য থাকবে। গ্রেড-৫ ও তার ওপরের গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং এর নিচের গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।

যাতায়াত ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হচ্ছে। একই সঙ্গে টিফিন ভাতা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা চালু হতে পারে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধার আওতায় আসবে। অন্যদিকে বাংলা নববর্ষের ভাতা কমানো হচ্ছে। বিদ্যমান মূল বেতনের ২০ শতাংশ থেকে  এ ভাতা কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে ঝুঁকি ভাতা বাড়ানো হচ্ছে। বিদ্যমান মূল বেতনের ১০ শতাংশ থেকে তা বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে।


পাহাড়ি এলাকার সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ সুবিধা মূলত পার্বত্য জেলা সদর ও উপজেলা পর্যায়ে কার্যকর হবে। তবে অন্যান্য পাহাড়ি এলাকায় এ ভাতার সর্বোচ্চ পরিমাণ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ ছাড়া হাওড়, দ্বীপ ও চর এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা আগের মতোই বহাল থাকবে।

সামরিক বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা কিট ভাতা, ডেঞ্জার মানি ও দোভাষী ভাতা। এ ছাড়া শিক্ষকতা ভাতাসহ বেশিরভাগ ভাতা বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

পেনশন ও গ্র্যাচুইটির ক্ষেত্রেও পরিবর্তন আসছে। ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণ করা হচ্ছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   সরকারি বেতন  ভাতা  সরকারি কর্মকর্তা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: