মিসাইল হামলার সতর্কবার্তায় আতঙ্কিত হয়ে ভবনের ছাদ থেকে দ্রুত নামতে গিয়ে সিঁড়িতে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামে বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে নিহতের সহকর্মীরা তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান।
নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি জেদ্দার আলসাইম নামের একটি প্রতিষ্ঠানের অধীনে ব্যাংকে অফিস সহকারী (টি-বয়) হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার আবাসিক ভবনের ছাদে ছিলেন। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে ধেয়ে আসার সতর্কবার্তা মোবাইল ফোনে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় একটি তারে তাঁর পা প্যাঁচিয়ে গেলে তিনি নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সকালে সহকর্মীরা সৌরভকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সৌদি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর মা রেনু বেগম। তিনি বলেন, আমার ছেলেকে শেষবারের মতো দেখতে চাই। নিজের হাতে তাকে দাফন করতে চাই। সৌরভের বাবা আমির ইসলাম ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, মৃত্যুর ঘটনাটি জেনেছি। নিহতের স্বজনরা যোগাযোগ করলে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে।
সময়ের আলো/এনএন