টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন চোরাই পাঠ্যবই উদ্ধার ও ভ্যানচালক ইব্রাহিমকে আটক করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরকোনা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক ও বইগুলো উদ্ধার করা হয়।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নরকোনা গ্রামের হোসেন আলি ও মোবারক হোসেন জানান, ইব্রাহিম হোসেন প্রায়ই মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিনামূল্যে দেওয়া পাঠ্য বই কেজি দরে কিনে এনে বিক্রি করছিলেন।
মঙ্গলবার তিনি বেশ কয়েক ভ্যান পাঠ্যবই ওই গুদাম থেকে কিনে আনেন। বুধবার বইগুলো অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন। সন্দেহবশত গ্রামের কতিপয় যুবক খোঁজ নিয়ে দেখতে পান, সবই নবম-দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই। ভ্যানচালককে আটক করে তারা স্থানীয় সংবাদকর্মী এবং থানায় খবর দেন।
তবে ভ্যানচালক ইব্রাহিম হোসেন দাবি করেন, তিনি মধুপুর শিক্ষা অফিসের অনুমোদন সাপেক্ষে নৈশপ্রহরী তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে এসব বই কেজি দরে কিনে এনেছেন। কাজেই তার কোনো অপরাধ নেই। বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক অফিসার মো. মহিউদ্দীন জানান, তার অগোচরে নৈশ্যপ্রহরী এ কুকর্ম করেছে।
মধুপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে পাঠ্যবই জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার ইব্রাহিমকে আটক করে থানায় প্রেরণ করেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যের এসব পাঠ্য বই কোথা থেকে এসেছে সে বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন