মেসির আনন্দ-বেদনার গল্পগাথা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গত জুলাইয়ে অনুষ্ঠিত সেই ফাইনালে স্পেনের কাছে ১-০-তে হেরে

2026-09-18T00:02:06+00:00
2026-09-18T00:02:06+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনার জার্সিতে বিদায়ি ম্যাচ খেলবেন মেসি
মেসির আনন্দ-বেদনার গল্পগাথা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গত জুলাইয়ে অনুষ্ঠিত সেই ফাইনালে স্পেনের কাছে ১-০-তে হেরে যায় তারা। সেই হারের পর আবেগাপ্লুত মেসি কান্নায় ভেঙে পড়েন। হতাশা কাটিয়ে এরপর ক্লাবের জার্সিতে মাঠে ফিরলেও আর্জেন্টিনার হয়ে আর তাকে দেখা যায়নি। কারণ বিশ্বকাপের পরপরই জাতীয় দলের হয়ে খেলবেন না বলে ঘোষণা দেন। তবে প্রিয় তারকার এমন সাদামাটা বিদায় মেনে নিতে পারেনি তার দেশ, লাখ-কোটি ভক্ত সমর্থক। তাই তো মেসিকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে।

আগামী ৬ অক্টোবর আফ্রিকার দল বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচের জন্য মেসিকে দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। ঘরের মাঠে সেই ম্যাচেই মেসিকে দেওয়া হবে রাজকীয় বিদায়। গণমাধ্যমগুলো এমন খবর আবার বেশ ঘটা করে প্রচার করছে।

দেশের মাঠে আবেগঘন বিদায়ি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে মেসির দুর্দান্ত প্রত্যাবর্তনে খুশি বিশ্বের কোটি ভক্ত-সমর্থক। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার মোনুমেন্টাল স্টেডিয়ামে খেলবে আলবিসেলেস্তেরা। স্কালোনি ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের প্রথম ম্যাচগুলো খেলার জন্য বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসি প্রীতি ম্যাচের মধ্য দিয়েই দেশের মাটিতে বিশেষ বিদায় নিতে দলে ফিরছেন। দলে মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া। তিনি বলেন, আইকনিক অধিনায়ক মেসি আগামী ৬ অক্টোবর মোনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি বিশেষ ম্যাচে অংশ নেবেন।

তাপিয়া আরও বলেন, লিওর সম্মতি পাওয়ার পর আমি কাতার ২০২২ বিশ্বকাপে তার সঙ্গে অংশ নেওয়া সব বিশ্বচ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানাব, যাতে তারা তাদের পরিবারসহ এমন একটি ম্যাচে তার সঙ্গে থাকতে পারেন; যা আর্জেন্টিনার জাতীয় দলের সমর্থকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বসেরা এই খেলোয়াড়ের ‘শেষ ট্যাঙ্গো’ দেখতে পাবেন তারা।

প্রত্যাবর্তনকারী অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি স্কালোনি ইউরোপজুড়ে আলো ছড়ানো বেশ কিছু রোমাঞ্চকর তরুণ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন রোমান ভেগা (জেনিত), মাতিয়াস সউলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তান্তুনোনো (ফিওরেন্টিনা), জিয়ানলুকা প্রেস্তিয়ানি (বেনফিকা) এবং সান্তিয়াগো কাস্ত্রো (রোমা)। এ ছাড়া দলে ফিরেছেন অগাস্টিন গিয়াই (পালমেইরাস) এবং লিওনার্দো বালের্দি (রোমা)। এই ডিফেন্ডার মাংসপেশির চোটের কারণে গত বিশ্বকাপ মিস করার আক্ষেপ মেটাতে উন্মুখ হয়ে আছেন। তবে কোচিং স্টাফকে লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল আলমাদা, থিয়াগো আলমাদা এবং অবসর নেওয়া নিকোলাস ওতামেন্দির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই দল সাজাতে হবে। বিভিন্ন নিষেধাজ্ঞা ও অবসরের কারণে তারা অনুপস্থিত থাকছেন।

এদিকে আর্জেন্টিনায় যখন মেসির বিদায় রাগিণীতে বেদনার সুর বাজছে, অন্যদিকে ক্লাব ফুটবলে আনন্দের ফল্গুধারা ছুটছে। নিজ ক্লাব ইন্টার মিয়ামির হয়ে আরও একটি শিরোপা জয়ে নাম লিখিয়েছেন লিও মেসি। আর্জেন্টাইন তারকার যোগদানের পর আমেরিকান ক্লাবটির গত তিন বছরে তাদের শোকেসে উঠল চতুর্থ ট্রফি। ক্লাবটির জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার ১০০তম গোলের দিনে গতকাল মিয়ামি ২-০ ব্যবধানে ক্রুজ আজুলকে পরাজিত করে। মেক্সিকোর লিগা এমএক্সজয়ী ক্লাবটিকে হারিয়ে আমেরিকার মেজর লিগ সকারজয়ী (এমএলএস) মিয়ামি জিতল ক্যাম্পেওনেস কাপ।

আর এই শিরোপা জয়ের পর যেন বাংলাদেশের ভক্তদের সমর্থন জোগাতে উঠে-পড়ে লেগেছে ইন্টার মিয়ামি ক্লাব কর্তৃপক্ষ। মেসিদের একাধিক ছবি সংযুক্ত করে বাংলাতে পোস্ট করেছে মিয়ামি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইন্টার মিয়ামির ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে সংযুক্ত করা হয়েছে মোট ১০টি ছবি। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আরেক রাত, আরেক শিরোপা।’ আর সেই ক্যাপশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ট্রফির ইমোজি।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   মেসি  আনন্দ-বেদনা  গল্পগাথা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: