স্থাপত্যের মর্যাদাপূর্ণ ‘রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি স্থাপনা। বৃহস্পতিবার রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) প্রকাশিত তালিকায় ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস ও রংপুরের কারুপণ্য রংপুর লিমিটেডের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’ রয়েছে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, পরিবেশ সুরক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে উদ্ভাবনী নকশার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ও বেলজিয়ামের চারটি স্থাপনা এবার সংক্ষিপ্ত তালিকায় এসেছে। আগামী ১৫ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম।
এবারের পুরস্কার আয়োজনের বিশেষত্ব হলো রিবা ইন্টারন্যাশনাল প্রাইজের ১০ম এবং রিবা স্টার্লিং প্রাইজের ৩০তম বর্ষপূর্তি। গ্র্যান্ড জুরির দায়িত্বে রয়েছেন ভারতীয় স্থপতি বিজয় জৈন।
ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসটি একটি পরিত্যক্ত ল্যান্ডফিলের জায়গায় নির্মিত ১৫ তলা ভবন। সিঙ্গাপুরভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ওহা’র নকশায় তৈরি ভবনটিতে ২০ হাজার শিক্ষার্থীর জায়গা রয়েছে। প্যাসিভ কুলিং, প্রাকৃতিক আলো-বাতাস এবং ছাদে উন্মুক্ত পার্ক ও বাগান এর অন্যতম বৈশিষ্ট্য।
অন্যদিকে রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’ তৈরি হয়েছে শ্রমিকদের সুবিধা ও সুস্থতাকে গুরুত্ব দিয়ে। নকশাবিদ আর্কিটেক্টসের নকশায় নির্মিত সাত তলা ভবনটিতে প্রায় ৫ হাজার মানুষ কাজ করেন, যাদের অধিকাংশ নারী। খোলা উঠান, জলাধার, বাগান ও প্রশস্ত বারান্দার মাধ্যমে প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে।
তালিকায় বেলজিয়ামের ‘রয়্যাল বেলজ’ ও ‘জেড৩৩’ও রয়েছে।
সময়ের আলো/এমকে