প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:০৫ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:১৫ এএম
মো. আরাফ। ছবি : সংগৃহীত মাত্র ১৭ বছর বয়সেই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছে ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আরাফ। দুরারোগ্য এই ব্যাধির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে কিশোরটি। তবে তার সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট। চিকিৎসকদের ধারণা, আরাফের সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।
আরাফের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রাম গ্রামে। কয়েক মাস আগে জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিলে তার চিকিৎসা শুরু হয়। একের পর এক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে, সে রক্তের জটিল ক্যানসার ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’তে (এএমএল) আক্রান্ত। রোগটি শনাক্ত হওয়ার পর থেকেই তার স্বাভাবিক জীবন থমকে গেছে।
রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে বিশেষ প্রক্রিয়ায় উচ্চমূল্যের প্লাটিলেট (এসডিপি) দিতে হয়েছে। বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে আরাফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের ১১৪/বি নম্বর কেবিনে চিকিৎসাধীন। সহযোগী অধ্যাপক চিকিৎসক হুমায়রা নাজনীনের অধীনে চলছে তার চিকিৎসা।
চিকিৎসার অংশ হিসেবে আরাফের শরীরে ওষুধ ও কেমোথেরাপি দেওয়ার জন্য সেন্ট্রাল ভেনাস লাইন (সিভি লাইন) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শরীরে জটিল কেমোথেরাপির সাইকেল চলছে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসা চালিয়ে যেতে নিয়মিত বড় অঙ্কের অর্থের প্রয়োজন হচ্ছে।
এদিকে আরাফের বাবা মো. জাহিদ হাসান বিল্লাল গত মে মাস থেকে কর্মহীন। ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে রোগ নির্ণয়, বিভিন্ন হাসপাতালের বিল, ওষুধ ও প্লাটিলেট কেনাসহ নানা খাতে পরিবারের ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়েছে। এতে পরিবারটির সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে নিয়মিত কোনো আয় না থাকায় চিকিৎসার পরবর্তী ব্যয় বহন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।
চিকিৎসকদের হিসাব অনুযায়ী, আরাফের প্রাথমিক পর্যায়ের নিবিড় চিকিৎসার জন্যই প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। আর সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে ব্যয় হতে পারে প্রায় ৪০ লাখ টাকা। এত অল্প বয়সে সন্তানের এমন অসুস্থতা এবং চিকিৎসার বিপুল ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে পরিবার।
পরিবারের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরাফের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। ১৭ বছরের এই শিক্ষার্থী আবারও সুস্থ জীবনে ফিরে পড়াশোনা ও স্বপ্ন পূরণের সুযোগ পাবে—এমন আশায় সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার।
আরাফের চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠানো যাবে The City Bank PLC-এর VIP Road Branch, Dhaka শাখার একটি ব্যাংক হিসাবে। হিসাবের নাম SHEIKH MAHMUD ISLAM MIZU এবং হিসাব নম্বর 2395230791001। রাউটিং নম্বর 225276851। এ ছাড়া আরাফের ভাই শেখ মাহমুদ ইসলাম মিজুর 01515616728 নম্বরে বিকাশ, নগদ ও রকেটের পার্সোনাল অ্যাকাউন্টে সহায়তা পাঠানো যাবে। আরাফের বিষয়ে বিস্তারিত জানতে বা জরুরি প্রয়োজনে একই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।
সময়ের আলো/জেডি