প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম
প্রতীকী ছবিরাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী ইমরান ফকির জানান, দুপুরে আমিরুল রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, বাসের ধাক্কায় আহত আমিরুলকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি জব্দ করেন। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই আরও জানান, আমিরুলের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামে। বাবার নাম মো. ইউসুফ আলী। তিনি বর্তমানে রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।
সময়ের আলো/কেএইচও