প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম
কৃষক কার্ড। ছবি : সংগৃহীতকৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয় এসএমএসের মাধ্যমে আবহাওয়ার আগাম পূর্বাভাস পাঠাবে সরকার। স্বাভাবিক সময়ে প্রতি ছয় ঘণ্টা পরপর এবং দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী একাধিকবার পাঠানো হবে এসব বার্তা। এতে বৃষ্টি, খরা, ঝড় কিংবা তাপমাত্রার পরিবর্তন সম্পর্কে আগেই সতর্ক হতে পারবেন কৃষকরা।
সরকারের কৃষক কার্ড কর্মসূচির আওতায় এ সুবিধা চালু করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীন কৃষি তথ্য সার্ভিস (এআইএস) এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা, স্বল্প সুদে ঋণ, সেচ সুবিধা ও কৃষি বীমাসহ মোট ১০ ধরনের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এসএমএসের মাধ্যমে পাওয়া পূর্বাভাস কাজে লাগিয়ে কৃষকরা চাষাবাদ, সেচ, সার প্রয়োগ ও ফসল সংগ্রহের সময় নির্ধারণ করতে পারবেন। বিশেষ করে ধান কাটার মৌসুমে বৃষ্টির আগাম বার্তা পেলে দ্রুত ফসল ঘরে তোলার সুযোগ তৈরি হবে। এতে আবহাওয়াজনিত ক্ষতি ও উৎপাদন ব্যয় কমানোর সম্ভাবনা রয়েছে।
আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে ২২ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে ৯ লাখ ব্যাংক হিসাব।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর ৫৬ জেলার ৭৭টি উপজেলায় কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত প্রাক-পাইলটিং পর্যায়ে ১০ জেলার ১১টি উপজেলায় ২০ হাজার ৮৩২ জন কৃষককে কার্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে ২০ হাজার ৪৮০ জনকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৫ কোটি ১২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান জানান, আবহাওয়ার পূর্বাভাস সরাসরি কৃষকের কাছে পৌঁছালে ফসলের পরিচর্যা ও উৎপাদন পরিকল্পনা নেওয়া সহজ হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলা, উপজেলা ও কৃষি ব্লককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সূত্র : বাসস
সময়ের আলো/এমকে