পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাট শহরে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলা হয়। আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একটি পুলিশ সদর দফতরের ভেতরের মসজিদের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়িতে ধাক্কা দেওয়া হয়।
হামলার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় আইএসআইএলের একটি আঞ্চলিক শাখা এবং পাকিস্তানি তালেবান (টিটিপি) সক্রিয় রয়েছে। তারা এর আগে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন হামলা চালিয়েছে।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তান সরকার অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার তাদের দেশে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।
সময়ের আলো/ইউএমএইচ