নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন ও পাঠদানের পরিবেশ আরও কার্যকর করতে সহস্রাধিক শিক্ষকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪৪টি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে অংশ নেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষকদের প্রতি শিক্ষার মান বাড়ানোর আহ্বান জানান নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
শিক্ষকদের নিয়মিত ও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং পাঠদানের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ প্রস্তুতি নেওয়া, শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ও অতিরিক্ত ক্লাস নেওয়ার পরামর্শও দেন এই সংসদ সদস্য।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না নেওয়া এবং বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত রুটিন অনুযায়ী পাঠদান চালু রাখার আহ্বানও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা বিএনপির সদস্য এ্যাড. আব্দুল কাদের মিয়া ও এ্যাড. শরীফুল হক মুক্তা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধানাইদহ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, রয়না ভরাট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান প্রমুখ।
মত বিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) এর চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, বিএনপি নেত্রী ও বনপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালব-এর জেলা ম্যানেজার কোরবান আলী, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন।
সময়ের আলো/আতা