এক দফার জন্য প্রস্তুতি নিন— জনতাকে জামায়াত আমির

গাইবান্ধা প্রতিনিধি

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্যজোট। এই দাবি আদায় না হলে

2026-09-19T22:38:00+00:00
2026-09-19T22:38:00+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
এক দফার জন্য প্রস্তুতি নিন— জনতাকে জামায়াত আমির
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম 
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথায় লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্যজোট। এই দাবি আদায় না হলে ঢাকায় এক দফা দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথায় লংমার্চের পথসভায় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, এই লংমার্চ কোনো একটি দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের কর্মসূচি। দাবি না মানলে ‘আজ ৮ দফা, কাল ৯ দফা, পরে ১০ দফা, তারপর হবে এক দফা’। প্রয়োজনে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে এই লংমার্চের প্রয়োজন হতো না। এরপর তিনি একের পর এক শর্ত উল্লেখ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে, মানুষ বিদ্যুৎ পেলে, ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার পেলে এবং ঘরে ঘরে মানুষ নিরাপত্তা পেলে তারা লংমার্চে নামতেন না।

জামায়াত আমির বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের এসব দাবি যদি সরকার মেনে নেয়, আল্লাহর কসম, লংমার্চের প্রয়োজন হতো না।’ তার দাবি, এর একটিও জামায়াতের নিজস্ব দাবি নয়, প্রতিটিই দেশের ১৮ কোটি মানুষের দাবি।

বক্তব্যে কুমিল্লায় এক কলেজশিক্ষকের সন্তানের মরদেহ উদ্ধারের প্রসঙ্গ টানেন শফিকুর রহমান। তিনি বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘এভাবে আর কত মায়ের বুক খালি হবে? নীরবে বসে বসে দেখব?’ তার ভাষ্য, ‘বিবেকের কাছে আমরা পরাজিত, এই জুলুম-অন্যায় আর সহ্য করতে পারছি না। সে জন্যই আমাদের এই লংমার্চ।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে সময় দিচ্ছি, শুভবুদ্ধির উদয় হোক। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইয়ে সমান অপরাধী।’ দাবি আদায় না হলে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে জানিয়ে তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান, তারা প্রস্তুত আছেন কি না। সারা দেশের মুক্তিকামী মানুষকে নিয়ে নারী-পুরুষ সবাইকে ঢাকায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।’

পলাশবাড়ীর পথসভায় দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে জোটের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিতে থাকেন। সরেজমিনে দেখা যায়, পলাশবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ব্র্যাক মোড় পর্যন্ত এলাকা নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে ভরে যায়। প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতাদের আগমনের অপেক্ষায় সভাস্থলে দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা।

কেন্দ্রীয় পর্যায়ে বক্তব্য দেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতা সাদিক কায়েম ও ফরহাদ হোসেনসহ অন্যরা।

স্থানীয় পর্যায়ের বক্তাদের মধ্যে ছিলেন জামায়াতের ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের জামায়াতের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও আসনের জামায়াত প্রার্থী মো. দেলোয়ার হোসেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাগপা সভাপতি শফিউল আলম এবং বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান।

স্থানীয় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই এবং জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে। তাদের অভিযোগ, বিএনপি নিজেদের নেতাকর্মীদের ‘টেন্ডারবাজির লাইসেন্স’ দিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের সঙ্গে ‘ছিনিমিনি’ খেলছে। গণরায় বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তারা।

জোটের আট দফা দাবির কেন্দ্রে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি। পাশাপাশি দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও স্বজনপ্রীতি বন্ধের পাশাপাশি উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে এই তালিকায়।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। যাত্রাপথে মোট পাঁচটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রথম পথসভাটি হয় গাজীপুরের ভোগড়া বাইপাস সড়কে, এরপর টাঙ্গাইল নগরের জালফৈ বাইপাস সড়কে দ্বিতীয় পথসভা। তৃতীয় পথসভা হয় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে, চতুর্থটি বগুড়ার মাটিডালি বিমান মোড়ে এবং সবশেষে গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম পথসভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি পথসভায় জামায়াত আমিরসহ জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। কর্মসূচি অনুযায়ী এশার নামাজের পর রংপুর জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   এক দফা  প্রস্তুতি  জনতা  জামায়াত আমির  সময়ের আলো  গাইবান্ধা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: