রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে দেওয়া আগুনে এক নারী সহ ৫ জন দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সারে ৪টার দিকে সূত্রাপুর শ্যামবাজার চামাকটুলি এলাকায় ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন, সিদ্দিক বেপারী (৬০),ছেলে মো. ইমন (২৬), ভাতিজা রাজিব(৩৮), ভাগিনা আরিফুর রহমান ধলু(৩৫) ও ভাগনি তানিয়া আক্তর (২০)।
দগ্ধ আরিফুর রহমার ধলুর স্ত্রী সোনিয়া আক্তার জানান, শ্যামবাজার চামাকটুলি তাদের পৈতৃক সম্পত্তি। দগ্ধরা সবাই পাশাপাশি থাকে। ইমন সৌদি আরব প্রবাসী। রাজিব ন্যাশনাল হাসপাতালে মেকানিকের কাজ করে ধলু ইলেকট্রিক মিস্ত্রি, ও তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজে অনার্স পড়ে।
তিনি জানান, গতকাল ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমে রাখে। এটা দেখে তানিয়া পানি পরিষ্কার করতে বলে। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সুলতানা সৌদি আরব প্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানায়।
তিনি আরও জানান, ইমন গতকাল দেশে চলে আসে। আজ বিকালে ইমন সবাইকে হুমকি দিয়ে বলে ‘আমিও মরবো, তোদেরকেও মারবো।’ এই বলে নিজের গায়ে পেট্রোল ঢালে এবং বাকিদের শরীরে পেট্রোল ছিটে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে সবাই দগ্ধ হয়। এরপর সবাইকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, সূত্রাপুর এলাকা থেকে পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে সিদ্দিকের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, আরিফের ৮ শতাংশ ও তানিয়ার ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সময়ের আলো/কেএইচও