চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়াতুল ইসলাম সাইহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছ গ্রামের মকগুল সওদাগরের বাড়ির প্রবাসী মমতাজ আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
সাইহান ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহানের মৃত্যু হয়েছে। স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, দুপুর ১টার পর পুকুরে ডুবে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
সময়ের আলো/এনএন