রেলপথে নাশকতা ঠেকাতে স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন দেয় দুর্বৃত্তরা।
হাবিবুর রশিদ হাবিব বলেন, জুলাই-আগস্টে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা ডিসেম্বরকে সামনে রেখে আন্দোলনের ঘোষণা দিলেও আন্দোলনের পরিবর্তে নাশকতা চালাচ্ছে। জনসমর্থন হারানো পরাজিত ও পলাতক ওই শক্তি নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
রেলপথ প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক ধারা বাস্তবায়ন করেছে। নাশকতাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, রেল কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), পুলিশ, রেলওয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতাকারীরা যেসব পথ দিয়ে স্টেশনে প্রবেশ করতে পারে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগের দিনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়া হবে। নাশকতার সঙ্গে যারাই জড়িত, তাদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
স্টেশনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমের সামনে কথা বলতে অভ্যস্ত নন। তবে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতেও বলা হয়েছে।
অগ্নিকাণ্ডের স্থান সম্পর্কে হাবিবুর রশিদ হাবিব বলেন, ঘটনাটি মূল প্ল্যাটফর্মে ঘটেনি। ওয়াশ প্ল্যান্টের দিক থেকে ট্রেনটি আসার সময় সেখানে গানপাউডার ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এটি পরিকল্পিত ঘটনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।
ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যেখানে আগুন লাগানো হয়েছে, সেখানে অন্ধকার ছিল। স্টেশনে খবর পৌঁছানোর পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে একটি গ্যারেজ পুরোপুরি পুড়ে গেছে। অন্যান্য ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।
আরও নাশকতার আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, নাশকতাকারীরা চেষ্টা চালাতেই পারে। তবে নাশকতার মাধ্যমে কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং তারাই জনগণের প্রতিনিধিত্ব করছে বলে মন্তব্য করেন তিনি। জনগণ ও প্রশাসন একসঙ্গে নাশকতাকারীদের প্রতিহত করবে বলেও জানান।
রেলপথের নিরাপত্তা প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, ঘটনাস্থলে প্রশাসন, আরএনবি, পুলিশ ও রেল কর্তৃপক্ষ উপস্থিত হয়েছে। এখন নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে, যাতে কোনো দিক দিয়ে অঘটন না ঘটে।
অগ্নিকাণ্ডের কারণে রেল চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়েছে। তবে এর ফলে বড় ধরনের শিডিউল বিপর্যয় হবে না।
সময়ের আলো/এসএকে