নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্তে তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি এক বাহরাইন প্রবাসীর স্ত্রীকে নিয়ে শেখ রহমত উল্লাহ চলে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ওই প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহর সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তারা জানতেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা দুজন একসঙ্গে চলে যান। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন।
রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ওই প্রবাসীর দুই শিশুকন্যা পরিবারের সদস্যদের সঙ্গে শাহরাস্তি থানায় উপস্থিত হন।
প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, রহমত উল্লাহ ও ওই নারীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন চলে যান।
অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই