হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও

2026-09-21T19:55:15+00:00
2026-09-21T19:55:15+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম 
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪জনের বিরুদ্ধে পৃথক দুই মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অপর একটি মামলা ও তার স্ত্রী শাহেনা পারভীন সামিয়ার ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান।

মলার আসামিরা হলেন- হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর শাহেনা পারভীন সামিয়া, মিডল্যান্ড ব্যাংক এক্সিকিউটিভ অফিসার মো. শফিকুল ইসলাম ও রিলেশনশিপ অফিসার মো. সারোয়ার হোসেন।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানায়, ভুয়া ট্রেড লাইসেন্স ও জাল কাগজপত্র ব্যবহার করে আসামিরা জাল টেন্ডার বিজ্ঞপ্তি প্রস্তুত করে অন্য দুটি কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারের কাজ করার কথা বলে টেন্ডার সিকিউরিটি বাবদ ৯৫ লাখ ৬১ হাজার টাকার পে-অর্ডার গ্রহণ করে। এরপর ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তি মালিকানাধীন ব্যাংক হিসাব খোলেন। পরে প্রতারণামূলকভাবে বিশ্বাস ভঙ্গ করে ওই টাকা আত্মসাৎ করেন। শুধু তাই নয়, এই চক্রটি দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত ইএমডি ফান্ড থেকে অর্থ প্রথমে ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠান ‘এপল সফট আইটি’র হিসাবে জমা করে। সেখান থেকে তা স্থানান্তর করে মাসুদের নিজ নামে রাখা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে নেওয়া হয়। পরে এই অর্থ আসামি মাসুদের স্ত্রী শাহেনা পারভীন সামিয়ার নামে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের রূপনগর উপশাখায় এফডিআর হিসেবে জমা রাখা হয় বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা মঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অন্যদিকে, জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় আরো একটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেনা পারভীন সামিয়ার (পেশায় গৃহিণী) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। 

তিনি তার স্বামীর মাধ্যমে ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ ভোগদখলে রেখেছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা ও ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। 

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তিনদিন পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ফয়সাল করিম মাসুদকে আসামি করে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। 


হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। বর্তমানে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আছেন বলে জানা গেছে।

২০২৫ সালের ১৪ ডিসেম্বর ফয়সাল করিমের আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। তার মালিকানাধীন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাপেল সফট আইটি লিমিটেড’ কোম্পানিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। ওই প্রতিষ্ঠানের মালিকও ফয়সাল করিম মাসুদ।

জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়। ওই মামলারও প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। মামলা হওয়ার কিছুদিন পর ৭ নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাদি  হত্যা মামলা  আসামি  ফয়সাল  আত্মসাৎ  অবৈধ সম্পদ  মামলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: