ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এলাকায় যত্রতত্র ফেলা বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকেরা। বারবার পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না পাওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সফিপুর এলাকায় এই বর্জ্য বিপাক থেকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চলাচলের সময় পথচারী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধ থেকে বাঁচতে অনেকে বাধ্য হয়ে নাক চেপে যাতায়াত করছেন। এ নিয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সময় মহাসড়ক থেকে দ্রুত এসব আবর্জনা অপসারণের জোর দাবি জানান ভুক্তভোগীরা।
স্থানীয় পৌরবাসী চুন্নু সরকার, হারুন হাওলাদার, আকাশ খান জানান, রাস্তার পাশে এভাবে ময়লা ফেলে রাখার কারণে দুর্গন্ধে থাকা দায় হয়ে পড়েছে। বারবার পৌরসভায় জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে আজ আমরা রাজপথে নেমেছি।
পথচারীরা সোহেল জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। দুর্গন্ধ এত বেশি যে নাক চেপেও পার পাওয়া যায় না। বিশেষ করে ছোট বাচ্চা আর বয়স্কদের খুব কষ্ট হচ্ছে।
পরিবহন চালক মিজানুর রহমান জানান, গাড়ি নিয়ে এই এলাকা পার হওয়ার সময় দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। আমরা চাই দ্রুত এখান থেকে ময়লা সরিয়ে ফেলা হোক।
কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, প্রতিদিন ময়লা পরিষ্কার করা হয়। সকালে আবহাওয়া খারাপ ছিল তাই পরিষ্কার করা হয়নি। তবে দ্রুত ময়লা পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
সময়ের আলো/আতা