আশুলিয়ায় বিস্ফোরণে ৮ মৃত্যু, আসামির তালিকায় নেই মালিকপক্ষের কেউ

সারাদেশ

আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণে আটজন নিহতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা

2026-09-22T21:38:46+00:00
2026-09-22T21:38:46+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আশুলিয়ায় বিস্ফোরণে ৮ মৃত্যু, আসামির তালিকায় নেই মালিকপক্ষের কেউ
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণে আটজন নিহতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মামলার এজাহারে কারখানার মালিকপক্ষের কাউকে আসামি করা হয়নি। আসামি করা হয়েছে কারখানার বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় এলপিজি গ্যাস সিলিন্ডার স্থাপন ও রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগে ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন প্রিটি কম্পোজিট টেক্সটাইলের জিএম মো. সোহেল রানা, এজিএম মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন, কারখানার ইঞ্জিনিয়ার মো. রাজীব হোসেন এবং দুই হেলপার মো. আল আমিন ও মো. এনামুল। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রিটি কম্পোজিট টেক্সটাইল গ্রুপের সিইও রাজীব আহমেদ তালুকদার পিয়াল। তিনি কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁর মা পারভীন তালুকদার প্রিটি গ্রুপের পরিচালক। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজিন আহমেদ তালুকদার। তবে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মালিকপক্ষের কারও নাম নেই।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রিটি গ্রুপের এমডি রেজিন আহমেদ তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, কোনো কারখানায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় শুধু বেতনভুক্ত কর্মচারীদের ওপর চাপানো যৌক্তিক নয়। কারখানার অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত গাফিলতির ক্ষেত্রে মালিকপক্ষেরও দায়িত্ব রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা উচিত।


এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে যাদের সরাসরি দায়িত্বে অবহেলার তথ্য পাওয়া গেছে, আপাতত এজাহারে তাদের নামই দেওয়া হয়েছে। মালিকপক্ষের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্তে যাদের গাফিলতি বা সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

গত রোববার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণ ঘটে। এতে আটজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আশুলিয়া  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: