মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডকে বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ জানান হয়েছে। পাশাপাশি অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি রোধের প্রয়োজনীয়তা ও বাংলাদেশে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে মেটার সঙ্গে ঢাকা আলোচনা করেছে।
নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাইডলাইনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড-এর চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ওই বৈঠকের আলোচনা থেকে এমন তথ্য জানা গেছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ দল মঙ্গলবার মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড-এর চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেছে। সময়সীমার কারণে প্রধানমন্ত্রী এই বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকের নেতৃত্ব দেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং স্থায়ী প্রতিনিধির উপ-প্রতিনিধি এ.কে.এম. ওয়াহিদুজ্জামান।
বাংলাদেশে মেটার বৃহৎ ব্যবহারকারী ভিত্তির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মেটার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার সুযোগ এবং মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ডিজিটাল কমার্সকে সহায়তা করতে পারে সে বিষয়েও আলোকপাত করা হয়।
তিনি মেটাকে বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ জানান এবং অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি রোধের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বাংলাদেশে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কেও আলোচনা করেন। বৈঠকটি গঠনমূলক এবং ভবিষ্যতমুখী ছিল।
সময়ের আলো/কেএইচও