প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৪ এএম
সংগৃহীত ছবিকমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে প্রতিনিধিদলটি ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে রোববার (১৫ নভেম্বর) রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ছাড়াও রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ বি এম রওশন কবীর।
সংসদ সচিবালয় জানায়, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠেয় এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সংসদীয় কমিটিব্যবস্থা, আধুনিক আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি কার্যক্রম নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/কেএইচও