রোহিঙ্গা প্রত্যাবাসনে চড়া আওয়াজ

সাব্বির আহমেদ

জাতীয়

বহুল আলোচিত রোহিঙ্গা ইস্যুতে আওয়াজ জোরালো করেছে বাংলাদেশ। বর্তমান বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের যে কোনো বিকল্প নেই— সেই বার্তা আবারও স্পষ্ট

2026-09-24T01:07:38+00:00
2026-09-24T01:07:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে চড়া আওয়াজ
সাব্বির আহমেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ছবি : পিআইডি
বহুল আলোচিত রোহিঙ্গা ইস্যুতে আওয়াজ জোরালো করেছে বাংলাদেশ। বর্তমান বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের যে কোনো বিকল্প নেই— সেই বার্তা আবারও স্পষ্ট করা হয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণে তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মিয়ানমারের ওপর ঐক্যবদ্ধ ও ধারাবাহিক কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

সরকারপ্রধানের জাতিসংঘ সফরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় মুখ্য হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে মেগা মঞ্চে আজকের ভাষণেও প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের ইস্যুটি তুলে ধরবেন।

গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে বৈশ্বিক এই মঞ্চে আনুষ্ঠানিকভাবে পা রাখেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন। বাংলায় দেওয়া এ ভাষণে বিশ্বনেতাদের সামনে তিনি তুলে ধরবেন একটি নতুন গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক বাংলাদেশের রূপরেখা। সরকারের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই ভাষণের মধ্য দিয়ে বাবা-মায়ের পর তারেক রহমান বৈশ্বিক ফোরামে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকালে ১৫ মিনিটের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে থাকবে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, অর্থনৈতিক স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট রূপরেখা। সেই সঙ্গে বাবার প্রবর্তিত অর্থনৈতিক দূরদর্শিতা ও মায়ের রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্বের উত্তরাধিকার বহন করে বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করবেন তিনি।

জানা গেছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারে নিহিত উল্লেখ করে দেশটির ওপর ঐক্যবদ্ধ ও ধারাবাহিক কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা। 

মঙ্গলবার রোহিঙ্গা সংকট সমাধানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। একটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে এবং অন্যটি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূতের সঙ্গে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরানোর বিষয়ে তাগিদ দেন তারেক রহমান। 


এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, উভয় বৈঠকে অতীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন করার কথা স্মরণ করা হয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে কীভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

এ ছাড়া গতকাল বুধবার বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে একটি বড় আন্তর্জাতিক সাইডলাইন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে তুরস্ক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর মঙ্গলবারের সারা দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বৈঠক করেছেন, সেখানে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের মতো বিষয়েও আলোচনা হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ইউনাইটেড নেশনস প্লাজায় তুর্কি হাউসে তারেক-এরদোগান বৈঠক হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট এরদোগান আমাদের প্রধানমন্ত্রীকে একজন মূল্যবান ভাই হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে, তুরস্ক সরকার বাংলাদেশের সঙ্গে একটি বিস্তৃত অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ খাত, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সাধারণ অবস্থান নেওয়া এবং কিছু নির্দিষ্ট মানবিক বিষয়ে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। এটি অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক ছিল এবং দুই নেতাই খুব সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। উভয় নেতাই ভবিষ্যতে একটি বিশেষ দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন।

এর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমের সাইডলাইনে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কন্ট্যাক্ট গ্রুপের বৈঠক হয়। এতে রোহিঙ্গা সংকটের মূল কারণ মোকাবিলা এবং তাদের নিজভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। ২০২৪ সালের শুরু থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে ফের আরও প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে আজ বেলা সাড়ে ১১টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তিনি একান্ত বৈঠক করবেন। এ ছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে ভাষণ শেষে সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজ অংশ নেবেন তারেক রহমান।

এদিকে মঙ্গলবারের ধারাবাহিকতায় গতকাল বুধবারও বিভিন্ন দেশের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকালে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তারেক রহমান। সাইডলাইন বৈঠকের অংশ হিসেবে এদিন দুপুর ১টায় জাতিসংঘ ভবনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় আলোচনা হয়। বিকালে বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডান নেলসনের সাক্ষাৎ এবং এই সফরে বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সাইডলাইনে চুক্তি সই হওয়ার মধ্য দিয়ে বোয়িংয়ের কাছ থেকে বিমানের উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়াল ২৫টিতে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   রোহিঙ্গা  প্রত্যাবাসন  আওয়াজ  প্রধানমন্ত্রী  জাতিসংঘ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: