বরিশালের আগৈলঝাড়ায় জেলা যুবলীগের সদস্য মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করেছে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা উপজেলার সেরাল গ্রামে সাগর সেরনিয়াবাতের বাড়িতে তল্লাশি করে।
পরিবারের সদস্যদের দাবি, তল্লাশির সময় বাড়িতে থাকা নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে থানার একটি সূত্র জানায়, এলাকায় নাশকতার উদ্দেশ্যে সাগর সেরনিয়াবাতের বাড়িতে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী গোপনে বৈঠক করবেন— এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তবে অভিযানের সময় ওই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না বলেও জানিয়েছে সূত্রটি। অভিযানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/জোই