দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরের ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশসংলগ্ন এলাকায় থাকা স্থল গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকা হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে এবং সর্বনিম্ন ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
সময়ের আলো/এমকে