ফরিদপুরের মধুখালী উপজেলার বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে ভাতিজাদের আঘাতে চাচার প্রাণ গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি শুকদেব রায় জানিয়েছেন।
নিহত মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) ওই গ্রামের বদিউল আলম বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা বলছেন, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে জাহিদুল বিশ্বাস ও তার ভাতিজাদের মধ্যে বিরোধ হয়। জাহিদুলের দাবি ছিল, তার জায়গায় সিঁড়ি নির্মাণ করা হলে চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাহিদুল কোদাল দিয়ে ভাতিজা শাকিলের মাথায় আঘাত করেন।
এর জেরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে চাচা জাহিদুলের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শুকদেব রায় বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/আতা