ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান গতিধারায় সন্তোষ প্রকাশ করে। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা- বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন। দুদেশের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও গতিশীল করতে এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে নতুন ও উদীয়মান বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও উঠে আসে। পাশাপাশি দুদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করেন তারা।
সময়ের আলো/মহু