মাইগ্রেশন ও পাসপোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটি (এমপিআরইউ)। সংগঠনটির আগামী দুই বছরের (২০২৭-২৮) জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার গোলাম মুর্শেদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্টুরেন্টে সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন ও সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সময়ের আলোর আদিল সরকার, অর্থ সম্পাদক দৈনিক জনকণ্ঠের মির্জা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক এবং অফিস সম্পাদক দেশ টিভির শাহাদাত হোসাইন নিশাদ।
এ ছাড়া প্রকাশনা সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের স্বপন আহমেদ, আইটি সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলার আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এনপিবির মো. আব্দুল্লাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির মাসুদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক একাত্তর টেলিভিশনের মো. মিসবা হাছান এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের রাকিব হোসেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের আব্দুল্লাহ আল মিরাজ ও বেঙ্গল লেন্সের আবু বকর সিদ্দিক।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানান, মাইগ্রেশন ও পাসপোর্ট খাতে নাগরিক হয়রানি, দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে তথ্য-প্রমাণসহ তা জনসম্মুখে তুলে ধরা হবে। পাশাপাশি এ বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্য-উপাত্তনির্ভর রিপোর্টিং এবং অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করা হবে।
সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ আরিফ বলেন, ‘পাসপোর্ট একজন নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়পত্র। অথচ এই সেবা নিতে গিয়ে মানুষকে যদি হয়রানি বা অনিয়মের শিকার হতে হয়, তাহলে এর প্রকৃত কারণ অনুসন্ধান করা সাংবাদিকদের দায়িত্ব।’
তিনি বলেন, গত ১৭ বছরে পাসপোর্ট খাতে বিভিন্ন সময়ে যেসব অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তথ্য-প্রমাণ খুঁজে বের করে ধারাবাহিকভাবে জনগণের সামনে তুলে ধরাই হবে সংগঠনের অন্যতম কাজ।
বাংলাদেশ থেকে প্রবাসগামীদের সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সংগঠনের সদস্যরা ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সময়ের আলো/এসএকে