টাঙ্গাইলের মধুপুরে চুরির অপবাদে আট বছরের এক শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে এবং সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের আইনগত শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
শিশু জিহাদের নানি মোছা. বকুলি বেগম জানান, জিহাদ এতিম; তার বাবা-মা কেউ নেই। গত ছয় বছর ধরে তারা তাকে লালন-পালন করে আসছেন। জিহাদ স্থানীয় গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নানার কাছ থেকে ১০ টাকা নিয়ে দোকানে যায় জিহাদ। সেখানে কাউকে না পেয়ে সে ডাকাডাকি করে। পরে গুবুদিয়া গ্রামের মৃত তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন এসে দাবি করেন, জিহাদ দোকান থেকে ৫০ হাজার টাকা চুরি করেছে। পরে ওই দিন সন্ধ্যা সাতটার দিকে অন্য দুই শিশুর মাধ্যমে জিহাদকে ডেকে নিয়ে এসে চুরির অপবাদ দিয়ে বেঁধে রেখে মারধর করা হয়।
এদিকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভবিষ্যতে কোনো শিশুর ওপর যেন এমন শারীরিক নির্যাতন চালানো না হয়, সে বিষয়েও আহ্বান জানান তারা।
তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মফেজ উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পরিবারসহ পলাতক রয়েছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে অভিযুক্ত মফেজ উদ্দিন পরিবারসহ পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/আতা