রাজধানীর কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় চাঞ্চল্যকর ‘পাটালী গ্রুপের’ ফরহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সবুজ হোসেন আরমানকে (২১) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতার আরমান ‘আরমান-শাহরুখ’ গ্রুপের শীর্ষ নেতৃত্বে ছিলেন।
এসআরবি-২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে সবুজ হোসেন আরমানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরমান চাঞ্চল্যকর এলেক্স ইমন হত্যা, মুন্না হত্যা, নাসির হত্যা ও ফরহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানায় এসআরবি-২।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকার একটি সেলুনে ঢুকে আরমানসহ কয়েকজন ফরহাদের ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং চাপাতি দিয়ে ফরহাদকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ফরহাদের মা নাছিমা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৪০।
গ্রেফতার আরমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সময়ের আলো/আতা