রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান উচ্ছেদ অভিযান কোনো পরিস্থিতিতেই বন্ধ হবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে ‘লাশের ওপর দিয়ে হলেও’ এ অভিযান অব্যাহত রাখা হবে। অরাজকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১০ হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থলও পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে অরাজকতা সৃষ্টিকারী, দুষ্কৃতকারী ও অবৈধ দখলদারদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, মিরপুর-১০ এলাকায় বুধবারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ফ্যাসিজমের আমল থেকে ফুটপাত দখল করে থাকা ব্যক্তিদের ও তাদের দোসরদের ইন্ধনে হামলার ঘটনা ঘটেছে। পরে মিরপুরের সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
ডিএনসিসি প্রশাসক জানান, হামলার ঘটনায় সিটি করপোরেশন ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া বুধবার পরিকল্পিতভাবে ‘ফ্যাসিজমের দোসররা’ মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন শফিকুল ইসলাম খান মিল্টন।
সময়ের আলো/এসএকে