দুর্নীতিবাজদের জন্য রেড সিগন্যাল প্রধানমন্ত্রীর ‘মিষ্টি ফায়ার’

রফিক রাফি

জাতীয়

দলীয় পরিচয় ব্যবহার করে অনিয়ম, দুর্নীতি, দখল, হামলা-ভাঙচুর কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না— এমন

2026-10-02T00:38:33+00:00
2026-10-02T00:47:38+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
দুর্নীতিবাজদের জন্য রেড সিগন্যাল প্রধানমন্ত্রীর ‘মিষ্টি ফায়ার’
রফিক রাফি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ এএম  আপডেট: ০২.১০.২০২৬ ১২:৪৭ এএম
গ্রাফিক : সময়ের আলো
দলীয় পরিচয় ব্যবহার করে অনিয়ম, দুর্নীতি, দখল, হামলা-ভাঙচুর কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না— এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকটি কমিটি বিলুপ্ত, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কার এবং মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশ পাওয়ার পর তিনি পদত্যাগও করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তদন্তে যার বিরুদ্ধেই অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, দলীয় পদ বা পরিচয় বিবেচনা না করে তাকে জবাবদিহির আওতায় আনা এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে দল ও সরকারের ভেতর থেকে অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর যে বার্তা দেওয়া হচ্ছে, তা নেতাকর্মীদের জন্য স্পষ্ট সতর্কসংকেত হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম আসে, যারা ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। এ ছাড়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের’ সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজনের সম্পৃক্ততার তথ্য আসে। এমন অভিযোগের প্রমাণ পাওয়ায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দেন তারেক রহমান। এ নির্দেশ পেয়ে তিনি বৃহস্পতিবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, তার আসন শূন্য ঘোষাণা করা হয়েছে। এর আগে রাড্ডার ঘটনাসহ আরও কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা আসে।

এসব ঘটনায় দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং কমিটি মেয়াদোত্তীর্ণের কথা বলা হয়েছে। তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে, রাড্ডার ঘটনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে।

সরকারের শীর্ষ এক কর্মকর্তা সময়ের আলোকে বলেন, আশা করেছিলাম জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার পর আমাদের (প্রধানমন্ত্রীর) সাফল্য নিয়ে সংবাদ হবে, আলোচনা হবে। কিন্তু সেটা না হয়ে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যার কারণে জাতিসংঘ সফর অনেকটা আউট অব টক হয়ে গেছে। বিষয়টি সরকার ভালোভাবে নেয়নি। এসব ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সম্প্রতি কয়েকটি ঘটনায় প্রধানমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে কয়েকটি কমিটি ভেঙে দেওয়া হয়েছে, কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরই জবাবদিহির আওতায় আনা হবে। এ ছাড়া আগামীতেও দলের কোনো নেতাকর্মী বা যেই হোক না কেন অনিয়ম ও দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও দখল চেষ্টার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি সমাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে ব্যাপক সমালোচিত হয়। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দল ও সরকারের শীর্ষ নেতা এবং গোয়েন্দাদের রাড্ডায় হামলা ও ভাঙচুরে কারা জড়িত ছিল, তাদের রাজনৈতিক পরিচয় এবং নেপথ্যে কারা ভূমিকা রেখেছে, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তদন্তে ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে ফেরদৌসীকে পদত্যাগের বিষয়ে নির্দেশ দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগ করেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি। রাষ্ট্রক্ষমতার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে সবসময় একটি অভিযোগ থাকে— তারা যেকোনো অপরাধকে ঢাকার চেষ্টা করেন। অপরাধী নিজ দলের লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না এবং তাদের একরকম প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। আজকের (গতকাল) এ ঘটনায় প্রমাণ পেল যে, উনি (তারেক রহমান) কাউকে আসলে এ ধরনের কোনো প্রশ্রয় দিতে চান না, কাজের মাধ্যমে তা প্রমাণ করলেন।

তিনি বলেন, আমার ধারণা তারেক রহমান চান না যে, তার এত অর্জনের মধ্যে কেউ কোনো কিছু মøান করার সুযোগ পাক। ইটস অ্যা ভেরি ক্লিয়ার মেসেজ।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটা...শুধু তার দলের নেতাকর্মী নন, প্রত্যেক নাগরিকের জন্য এটা একটা মেসেজ যে, কোনো কারণে রাষ্ট্রের ক্ষতি করলে বা কোনো ব্যবস্থাপনায় কারও বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তিনি যেকোনো বড় ধরনের সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন। এই বার্তাটাই সবচেয়ে বড় বার্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দলীয় ব্যবস্থা হবে দলের পক্ষ থেকে। এটা আইনের বাইরে সাংগঠনিক ব্যবস্থা। আর আইনি ব্যবস্থা হচ্ছে যদি চার্জশিটেড হয়, তা হলে তাকে আদালতের এখতিয়ারে যেতে হবে, আইনের আওতায় আসবে। ওই ঘটনায় বিএনপির কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ফেনীতে বলেছেন, বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সবার জন্য সমান।

আমরা দেখেছি, কীভাবে আইনের শাসনকে বিগত ১৭ বছর ভূলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চাই।

পদত্যাগের পর এমপি মিষ্টির আসন শূন্য
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (মহিলা আসন-২৩) বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখ থেকে শূন্য হয়েছে। বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন। আসনটি শূন্য হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপিও পাঠানো হয়েছে।  

এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, পদত্যাগের সঙ্গে সঙ্গে মিষ্টির সংসদীয় আসনটি শূন্য হয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ তার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গেছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র এই আসনটি শূন্য হয়ে গেছে। এটি গেজেট করার জন্য পাঠানো হয়েছে। গেজেট আসার পরেই অবিলম্বে নির্বাচন কমিশনকেও জানিয়ে দেওয়া হবে। মিষ্টির পদত্যাগপত্রে কোনো কারণ বলা হয়েছে কি না জানতে চাইলে স্পিকার বলেন, সংসদের বিধান হলো এই যে, এমপিরা যখন পদত্যাগ করেন কোনো কারণ উল্লেখ করেন না।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   দুর্নীতিবাজ  রেড সিগন্যাল  প্রধানমন্ত্রী  মিষ্টি ফায়ার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: