শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে ছুটিতে যাবে শিক্ষার্থীরা। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত থাকবে দুর্গাপূজার ছুটি।
আবার ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে রোববার ২৫ অক্টোবর।
অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন ছুটি ভোগ করবে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দীর্ঘ বিরতি পাচ্ছে শিক্ষার্থীরা।
সময়ের আলো/এসএকে