‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে সোমবার (৫ অক্টোবর) দেশে পালিত হবে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।
দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে।
এদিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে সোমবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী আবাসন মেলা। এতে রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদফতর, গণপূর্ত অধিদফতরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থা অংশ নেবে। মেলায় আবাসন, নির্মাণ ও ব্যাংকিং সেবা প্রদর্শনের জন্য থাকবে ১৫৭টি স্টল। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন।
এ ছাড়া, দিবসটি উপলক্ষে সোমবার দুপুর আড়াইটায় একই ভেন্যুর হল অব ফেমে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্বল্প আয়ের মানুষের আবাসন, সবার জন্য পর্যাপ্ত বাসস্থান এবং জলবায়ু সহনশীল আবাসনব্যবস্থা নিয়ে বিভিন্ন গবেষণা ও প্রস্তাবনা উপস্থাপন করা হবে।
দেশের বিভাগ ও জেলা পর্যায়েও বিশ্ব বসতি দিবস পালিত হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরপর ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
সময়ের আলো/মহু