সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া এগিয়ে গেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা কাটেনি। নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী অক্টোবরের বেতন পাওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত শিক্ষকদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে গত তিন মাসের বকেয়া বেতনও দেওয়ার কথা রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র।
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করার কথা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা।
গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করতে হবে। তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হোক-দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা হোক।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন জারিতে বিলম্বের অন্যতম কারণ বেতন প্রক্রিয়ায় এখনো এনালগ পদ্ধতির ব্যবহার। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাবের কাজ হাতে-কলমে সম্পন্ন করতে হয়। এ কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে।
সময়ের আলো/এমকে