সরকারি চাকরিজীবীরা অক্টোবরের বেতনের সঙ্গে নতুন বেতন কাঠামো অনুযায়ী চার মাসের বেতন পাবেন। এর মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বকেয়াও অন্তর্ভুক্ত থাকবে। তবে নতুন বেতন স্কেলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সে অনুযায়ী আইবাস++ সফটওয়্যারও হালনাগাদ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে বেতন কাঠামো যুক্ত করার পর অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত বেতন ও বকেয়া পরিশোধ করা হবে।
তবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বেতন হিসাবের প্রক্রিয়া তুলনামূলক জটিল হওয়ায় সেখানে সময় বেশি লাগছে। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাব হাতে-কলমে করতে হয়।
বিচার বিভাগের নতুন বেতন কাঠামো নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিচারকদের ভাতা বর্তমান মূল বেতনের ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার সুপারিশ করেছে। এসব সুপারিশ পর্যালোচনার জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে পৃথক মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
নতুন বেতন কাঠামো চার ধাপে বাস্তবায়িত হবে। ১ জুলাই থেকে ১০ম থেকে ২০তম গ্রেডে মূল বেতন ৫০ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ বাড়বে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ বাস্তবায়ন হবে।
পুরো কাঠামো বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা বাড়বে।
সময়ের আলো/এমকে