৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (৫ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিন অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারি ছুটির তালিকায় দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন ২২ অক্টোবর অফিস খোলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে ২২ অক্টোবরও ছুটি থাকবে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
এ বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
সময়ের আলো/এমকে