বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সংগৃহীত ছবিবিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃষ্টির দিনেও শহরটির বায়ুমান পরিস্থিতির উন্নতি হয়নি। শুক্রবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুমান সূচকের স্কোর ছিল ১১২।
অন্যদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচকের স্কোর ৩৬৮।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এসব বিষয় উঠে এসেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বায়ুদূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৫৪। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। চতুর্থ অবস্থানে থাকা মিশরের রাজধানী কায়রোর স্কোর ১৮৭।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে বাগদাদ, যার স্কোর ১৮১। ষষ্ঠ অবস্থানে মানামার স্কোর ১৬৭ এবং সপ্তম অবস্থানে থাকা দোহার স্কোর ১৬৫।
এ ছাড়া ১৪৩ স্কোর নিয়ে মুম্বাই রয়েছে অষ্টম স্থানে। নবম অবস্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৪০ এবং দশম স্থানে থাকা জাকার্তার স্কোর ১২৮।
তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আলমাটি (১২৫), চেংদু (১২৪), করাচি (১২২) এবং রিয়াদ (১১৭)। এসব শহর যথাক্রমে ১১তম, ১২তম, ১৩তম ও ১৪তম অবস্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য ও দূষণের মাত্রা প্রকাশ করে থাকে। তাদের নির্ধারিত সূচক অনুযায়ী, বায়ুমান স্কোর যত কম হয়, বাতাসের মান তত ভালো থাকে।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এই মানদণ্ড অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকার ১১২ স্কোরের বায়ু সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। অন্যদিকে, ৩৬৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে থাকা লাহোরের বায়ুমান ছিল দুর্যোগপূর্ণ পর্যায়ে।
সময়ের আলো/ইউএমএইচ