প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪২ এএম
ন্যূনতম মজুরি নির্ধারণে স্বচ্ছতাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি । ছবি : সংগৃহীতবাংলাদেশের তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া ও চলমান শ্রমিক অসন্তোষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটি ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও তাদের পরিবারের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা, উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং শিল্পের সক্ষমতাসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক বিষয় বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে আইএলওর ঢাকা কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ন্যূনতম মজুরি নির্ধারণে আইএলওর কনভেনশন ১৩১ অনুযায়ী স্বচ্ছতা, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি। পাশাপাশি দেশের সার্বিক মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনায় শ্রমিকদের জীবনযাত্রার মানও বিবেচনা করতে হবে।
ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে গঠনমূলক সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে। সংস্থাটির মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা তৈরি পোশাক খাতে লাখ লাখ শ্রমিক, বিশেষ করে নারীরা কর্মরত। তাদের জন্য পর্যাপ্ত মজুরি, শোভন কর্মপরিবেশ ও টেকসই প্রতিষ্ঠান নিশ্চিত করতে সামাজিক সংলাপ অপরিহার্য।
বিবৃতিতে সহিংসতা, ভাঙচুর ও কাজে বিঘ্ন ঘটানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহ্বান জানানো হয়। শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, সংগঠনের স্বাধীনতা ও যৌথ দর-কষাকষির অধিকার রক্ষার ওপরও জোর দিয়েছে আইএলও।
এ ছাড়া উৎপাদন থেকে পণ্য ক্রয় পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেছে সংস্থাটি। বাংলাদেশ সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা, তথ্য-প্রমাণ সৃজন, সক্ষমতা উন্নয়ন ও সামাজিক সংলাপের মাধ্যমে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে আইএলও। সংস্থাটি একটি প্রমাণভিত্তিক ও জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণেও সহযোগিতা করতে প্রস্তুত।
সময়ের আলো/প্রিন্ট/এসকে