সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বেসামরিক সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর পর এবার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্যও নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোতে

2026-11-20T04:00:51+00:00
2026-11-20T04:00:51+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:০০ এএম 
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্যও নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার । ছবি : সংগৃহীত
বেসামরিক সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর পর এবার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্যও নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে, একজন সৈনিকের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন ও ভাতা নির্দেশনা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর জারি করা ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনায় তিন বাহিনীর সদস্যদের পদমর্যাদা অনুযায়ী নতুন বেতন ও বিভিন্ন ভাতার হার উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য পৃথক বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের ক্ষেত্রেও পদমর্যাদা অনুযায়ী একইভাবে বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে। বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রথম ছয় মাসে নতুন বেতনের ৪০ শতাংশ এবং পরবর্তী ছয় মাসে আরও ৩০ শতাংশ দেওয়া হবে। অন্যদিকে, সার্জেন্ট থেকে নিচের পদমর্যাদার সদস্য ও ক্যাডেটরা প্রথম ছয় মাসে ৫০ শতাংশ এবং পরের ছয় মাসে আরও ২৫ শতাংশ পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব পর্যায়ের সদস্য পূর্ণ হারে নতুন মূল বেতন পাবেন। তবে বাড়তি ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগপর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত ভাতার হার বহাল থাকবে।

কোন পদে মূল বেতন কত

নতুন বেতনকাঠামোতে তিন বাহিনীর প্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা পাবেন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

এ ছাড়া, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে চাকরির ১৭তম বছরে মূল বেতন হবে ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। একই সময়ে কর্নেল পদে ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজর পদে ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিচের পদগুলোর মধ্যে ক্যাপ্টেন পদে প্রথম বছরে মূল বেতন হবে ৫৮ হাজার টাকা। লেফটেন্যান্ট পদে ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে ৪৬ হাজার ২০০ টাকা। আর সৈনিকদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নৌবাহিনী ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের জন্যও একই বেতনকাঠামো প্রযোজ্য হবে।

বাড়ছে কমান্ড ও স্টাফ ভাতা

মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধান মাসে ৩ হাজার ৭৫০ টাকা কমান্ড ও স্টাফ ভাতা পাবেন। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য এ ভাতা ২ হাজার ৮৬০ টাকা এবং মেজর জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ২ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, ব্রিগেডিয়ার জেনারেল পদে ২ হাজার ২০০ টাকা, কর্নেল পদে ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর ও সমমর্যাদার কর্মকর্তারা ১ হাজার ৩৩০ টাকা পাবেন। ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ের সদস্যদের জন্য এ ভাতা ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। যোগ্যতা ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। পদ ও যোগ্যতাভেদে এ ভাতা মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত হবে।

উড্ডয়ন, বিশেষজ্ঞ ও ঝুঁকি ভাতা

নতুন নির্দেশনায় পাইলট ও ফ্লাইট ক্রুদের উড্ডয়ন ভাতাও নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল ও তার ওপরের কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা এবং কর্নেল ও তার নিচের কর্মকর্তারা ১০ হাজার টাকা পাবেন।

নৌবাহিনীতে কমান্ডার ও তার ওপরের কর্মকর্তাদের জন্য উড্ডয়ন ভাতা ১২ হাজার টাকা এবং ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তাদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিমানবাহিনীতে এয়ার কমোডর ও তার ওপরের কর্মকর্তারা ১২ হাজার টাকা, গ্রুপ ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তারা ১০ হাজার টাকা এবং গ্রাউন্ড প্রশিক্ষকেরা ২ হাজার টাকা পাবেন।

চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতাও পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মেজর জেনারেল ও তার ওপরের কর্মকর্তারা মাসে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর পদমর্যাদার কর্মকর্তারা ১ হাজার ৩৩০ টাকা পাবেন।

এ ছাড়া, প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা করা হয়েছে। সাবমেরিন ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ থেকে বাড়িয়ে ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন যেসব ভাতা যুক্ত হচ্ছে

নতুন বেতন-ভাতা নির্দেশনায় কয়েকটি ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি নতুন কিছু ভাতাও যুক্ত করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পদমর্যাদায় ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা করা হয়েছে। সেকেন্ড লেফটেন্যান্ট পদে এ ভাতা ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, কিট ভাতা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ টাকা করা হয়েছে। দৈনিক ঝুঁকি ভাতা ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন করে মোবাইল, প্রতিবন্ধী সন্তান, হাওর-দ্বীপ-চর এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতাও চালু করা হয়েছে। মোবাইল ভাতা হিসেবে মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা পাবেন।

প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা দেওয়া হবে। হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা পাবেন। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা। অন্যদিকে, রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের জন্য মাসে ২ হাজার টাকা করে তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।


উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুন জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময় সেনাবাহিনীতে ১ লাখ ৬২ হাজার ১২৫ জন, নৌবাহিনীতে ২৫ হাজার ৮১ জন এবং বিমানবাহিনীতে ১৭ হাজার ৩৯০ জন সামরিক সদস্য ছিলেন। সব মিলিয়ে তিন বাহিনীতে সামরিক সদস্যের সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন। এর বাইরে বেসামরিক কর্মী ছিলেন ২০ হাজার ৮৯৪ জন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   সশস্ত্র বাহিনী  সদস্য  নতুন  বেতন কাঠামো  নির্ধারণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: