প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:২৫ এএম
রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু । ছবি : সংগৃহীত রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি বলেছেন, এই রায় গণহত্যা প্রতিরোধ এবং আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে মোহাম্মদ মুইজ্জু বলেন, আইসিজের এই রায় গণহত্যা কনভেনশন সমুন্নত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলা এবং শান্তিপূর্ণ ও বিচারিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা আবারও স্পষ্ট হয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, এ আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর একটি হিসেবে গণহত্যা প্রতিরোধ ও মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে মালদ্বীপ প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের নৃশংসতা ঠেকাতে শুধু আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলেই হবে না, ভুক্তভোগীদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগও প্রয়োজন।
তিনি আরও বলেন, গণহত্যা প্রতিরোধ, অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে মালদ্বীপ।
সময়ের আলো/এসকে