গোয়েন্দা জালে আ.লীগের সক্রিয়রা

সালাহ উদ্দিন চৌধুরী

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সক্রিয় হতে শুরু করেছেন। তাদের তৎপরতার সূত্র ধরে একের পর

2026-11-20T01:24:08+00:00
2026-11-20T01:24:08+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
গোয়েন্দা জালে আ.লীগের সক্রিয়রা
সালাহ উদ্দিন চৌধুরী
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:২৪ এএম 
গোয়েন্দা জালে একের পর এক গ্রেফতার হচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা । ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সক্রিয় হতে শুরু করেছেন। তাদের তৎপরতার সূত্র ধরে একের পর এক গ্রেফতার হচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গোয়েন্দা সূত্র জানায়, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা সূত্র জানায়, নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে সুসংগঠিতভাবে কাজ করছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তারা। তারা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পলাতক। পুলিশের ভেতরে থাকা কিছু সদস্যও এসব যোগাযোগে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পরিকল্পনা বাস্তবায়নে বিদেশ থেকে বিপুল অর্থ পাঠানো হচ্ছে দেশে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এসব অর্থ পাঠানো হয়। আইনি সহায়তার জন্য আইনজীবীদের একটি অংশকে অর্থায়ন করা হয়েছে। নাশকতায় আহত হলে চিকিৎসার ব্যবস্থা করতে আওয়ামীপন্থি চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। গ্রেফতার হলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার প্রলোভনও দেওয়া হচ্ছে। দলীয় কার্যক্রমে (নাশকতা) যুক্ত ব্যক্তিদের ভবিষ্যতে দল গঠনে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

গোয়েন্দারা এসব নাশকতায় অর্থদাতা হিসেবে তিন শতাধিক ব্যক্তির তথ্য পেয়েছেন। ককটেল বিস্ফোরণে ব্যবহার করা হচ্ছে বস্তি ও ছিন্নমূল মানুষকে। নাশকতায় সহায়তা নেওয়া হচ্ছে কারাগার থেকে ছাড়া পাওয়া আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের। নাশকতার পর সহজে দেশত্যাগের জন্য সীমান্তে মানবপাচারকারী একাধিক চক্রের সঙ্গেও যোগাযোগের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুনসহ দলটির একাধিক পলাতক নেতার অডিও ক্লিপ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুনের একটি অডিও ক্লিপে নাশকতায় জড়িত ব্যক্তিদের হামলা, মামলা ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলতে শোনা যায়। নিজেকে ‘বাংলাদেশ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’-এর সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি এসব ব্যবস্থা নেওয়ার কথা জানান।

গোয়েন্দারা জানান, দেশব্যাপী নেতাকর্মীদের সম্পৃক্ত করে নাশকতার বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের ভেতরে আত্মগোপনে থাকা দলটির অনেক নেতা হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং কোনো না কোনোভাবে এ ‘কার্যক্রমের’ সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন। এসব যোগাযোগের সূত্র ধরেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসছেন এবং গ্রেফতার হচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ।


ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গতকাল নাহিদের গ্রেফতারের বিষয়টি জানান। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগ রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে। সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে নাহিদকে আটকের আগে বুধবার রাত ১০টার দিকে ডিবি পরিচয়ে একদল ব্যক্তি তার বাসায় গিয়ে জিনিসপত্র লুট করে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, পরিবার মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাম্প্রতিক একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন গ্রেফতার হওয়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত ৬ নভেম্বর বেলা ১টা ২৪ মিনিটে হোয়াটসঅ্যাপে শেখ হাসিনাকে মেসেজ পাঠিয়ে কথা বলতে চান তিনি। তবে সাড়া দেননি হাসিনা। মেসেজে নাহিদ লেখেন, ‘... আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’

পরদিন ৪ নভেম্বর সকাল ১০টার দিকে ভারতে অবস্থানরত হাসিনাকে ফোন করেন তিনি। তবে হাসিনা ফোন ধরেননি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, মোবাইল ফরেনসিকে দেওয়া হবে। তখন বিষয়টি জানা যাবে।

বুধবার রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থি কয়েকজন শিল্পীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি।

গত ১৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য ও কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগে ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। একই দিন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেফতার করা হয় সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে।

এদিকে প্রশ্ন উঠেছে, গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকা এবং রাজধানীতেই আত্মগোপনে থাকার পরও এতদিন তাদের গ্রেফতার করা হয়নি কেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সময়ের আলোকে বলেন, এতদিন এসব নেতা আত্মগোপনে ছিলেন। এখন বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে তারা নড়াচড়া করছেন এবং ফোনে অন্য নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। ফলে তাদের অবস্থান শনাক্ত করা সহজ হচ্ছে। তিনি আরও বলেন, কেউ নির্দিষ্ট স্থানে ফোন ব্যবহার না করে আত্মগোপনে থাকলে তাকে শনাক্ত করা কঠিন। কিন্তু এখন তারা বিভিন্ন মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন। ফলে তাদের শনাক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

গোয়েন্দাপ্রধান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কারণে আত্মগোপনে থাকা নেতারাও হয়তো দলের জন্য কিছু করার প্রয়োজন অনুভব করছেন। সেই ভাবনা থেকেই দেশে-বিদেশে পরিচিত দলীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করছেন।

এ প্রসঙ্গে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামরুম মুনিরা সময়ের আলোকে বলেন, গ্রেফতারের বিষয়টি মূলত সুনির্দিষ্ট মামলা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কারও বিরুদ্ধে মামলা থাকলেই তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব হয় না। অনেকেই দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাদের অবস্থান শনাক্ত করতে সময় লেগেছে। সাম্প্রতিক নাশকতার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জে সংঘটিত নাশকতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   গোয়েন্দা জাল  আওয়ামী লীগ  সক্রিয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: