প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৫৪ এএম
রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ডিবি । ছবি : সংগৃহীতরাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়।
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ঘিরে বিতর্ক তৈরি হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির নেতিবাচক মন্তব্য উঠে আসে। এরপর গ্রুপের সদস্যদের নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল। এ নিয়ে সমালোচনার মুখে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। জ্যোতি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও হালনাগাদ খবর দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
সময়ের আলো/এসকে