কূটনীতিতে ফের হাসিনা ইস্যু

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহিংসতা ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে বৈরিতা তৈরি হবে কি

2026-11-20T02:10:03+00:00
2026-11-20T02:10:18+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
কূটনীতিতে ফের হাসিনা ইস্যু
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:১০ এএম  আপডেট: ২০.১১.২০২৬ ২:১০ এএম
হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক চান ঢাকা ও দিল্লির কূটনীতিকরা । ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহিংসতা ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে বৈরিতা তৈরি হবে কি না সেই প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক চান ঢাকা ও দিল্লির কূটনীতিকরা। 

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওই বৈঠকে শেখ হাসিনা ইস্যু নিয়ে আলোচনা হয়। বিষয়টি যেন দুই দেশের সম্পর্কে নতুন করে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সে ব্যাপারে উভয়পক্ষই সতর্ক থাকবে বলে সম্মত হয়েছেন। উভয়েই চলমান বৈরিতা দূর করে সম্পর্ক স্বাভাবিক করার প্রতি জোর দিয়েছেন।  

‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, চীন ও ভারতের দূতদের সাক্ষাৎ’ শীর্ষক এক বার্তায় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতরা গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারী দূতরা হলেন— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকার চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর গত বৃহস্পতিবারের বৈঠকটি ছিল বেশ প্রাণবন্ত। তারা বৈরিতা দূর করে সম্পর্ক স্বাভাবিক করার প্রতি জোর দিয়েছেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়টি সুরাহা করতে দুইপক্ষই একমত পোষণ করেন। বৈঠকে ঢাকার পক্ষ থেকে বলা হয় যে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় যথাযথভাবে ফেরত দিতে হবে। 

ভারতের হাইকমিশনার বলেন, বার্তাটি আমি দিল্লিতে পৌঁছে দেব। ভারত বাংলাদেশের নির্বাচিত বর্তমান সরকারের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করতে আগ্রহী। বৈঠকে উভয়পক্ষই উল্লেখ করেন যে তৃতীয় কোনো পক্ষ বা দুই দেশের অভ্যন্তরীণ কোনো উসকানিতে যাতে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে বৈরিতার সৃষ্টি না হয়, সেদিকে উভয়পক্ষই সচেতন থাকবে এবং নজর রাখবে।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, আমি এখানে এসেছিলাম ভারতের বাংলাদেশের হাইকমিশনার হিসেবে, ইউএনজিএর প্রেসিডেন্টকে (পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান) শুভেচ্ছা জানাতে। ইউএনজিএর সংস্কার বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম এবং খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। আমি বুঝতে চেয়েছিলাম যে সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে, কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ। এ ছাড়া অতি সম্প্রতি ফুটবল ম্যাচ চলাকালীন আমাদের একে অন্যের সঙ্গে দেখা করার সুযোগও হয়েছিল। আজকে এটি মূলত ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আমি এ বিষয়ে আর কোনো প্রশ্ন নেব না, কারণ আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। ড. খলিলুর রহমান অত্যন্ত জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি এবং আমি তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছিলাম, কারণ জাতিসংঘ হলো অন্যতম সর্বোচ্চ বহুপক্ষীয় সংস্থা। আমার জন্যও এটি ছিল একটি শেখার প্রক্রিয়ার মতো, কারণ তিনি সশরীরে উপস্থিত আছেন।

উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারির ভোটে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এক কদম-দুই কদম করে পিছিয়ে যাচ্ছে। যার মূলে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে বার্তা দেওয়া। সর্বশেষ আসন্ন ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে দুইপক্ষের মধ্যে নতুন করে বৈরিতা শুরু হয়েছে।


অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন। উভয়পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্য বিষয়ে গভীর মতবিনিময় করেন। উভয়পক্ষ একমত হন যে, চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে কোনো চেষ্টাই বাকি না রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন উভয়পক্ষ। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সর্বাত্মকভাবে গভীর করা, কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করার অঙ্গীকার করেন তারা— যাতে নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি গঠনের প্রক্রিয়াকে আরও গভীর ও বাস্তবভিত্তিক রূপ দেওয়া যায়।

সময়ের আলো/এসকে


  বিষয়:   কূটনীতিতে ফের হাসিনা ইস্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: