প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:১৪ এএম আপডেট: ২০.১১.২০২৬ ৬:১৫ এএম
বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও নগরবাসী। ছবি : সময়ের আলো রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সময়ের সঙ্গে বাতাসের বেগ বাড়লে বৃষ্টির তীব্রতাও কিছুটা বেড়ে যায়। থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইতে থাকে শীতল বাতাস। প্রকৃতিতে অনুভূত হয় শীতের আমেজ।
গতকাল সকালে স্কুলগামী অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজেই স্কুলে যেতে দেখা গেছে। বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টির তীব্রতা বুঝতে না পারলেও পথে ঝিরিঝিরি বৃষ্টি কখনো মাঝারি আকার ধারণ করে। ফলে অনেকেরই অবস্থা হয় কাকভেজা। একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় বাড়ি ফেরার পথেও।
অন্যদিকে বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। বিশেষ করে বাসের স্বল্পতায় অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। এ সুযোগে রাজধানীর সড়ক ও অলিগলিতে বেড়ে যায় অটোরিকশার দাপট। বৃষ্টির অজুহাতে অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া দাবি করেন বলে অভিযোগ অনেকের। তবে এসব ভোগান্তি উপেক্ষা করেই কর্মজীবী মানুষকে নিজ নিজ গন্তব্যে ছুটতে দেখা গেছে।
বৃষ্টির সঙ্গে শীতল বাতাসের দাপটে অনেকের গায়েই দেখা গেছে শীতের পোশাক। চোরাগোপ্তা শীতল হাওয়া যেন শরীর কাঁপিয়ে জানান দিচ্ছিল শীতের আগমনি বার্তা। আজ ৫ অগ্রহায়ণ। ঋতুর পালাবদলে শীতের পদধ্বনি যেন ধীরে ধীরে এগিয়ে আসছে।
এদিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। আজ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সময়ের আলো/প্রিন্ট/এসকে