মাদারীপুরের শিবচরে বালতির পানিতে ডুবে সাইমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইমা কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে সাইমা বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে ঘরের ভেতরে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পান। দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জামিল খান বলেন, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে দুই বছরের শিশুটিকে আনা হয়। টয়লেটের বালতিতে পানি ছিল। সেই বালতির পানিতেই ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ঘরে ছোট বাচ্চা থাকলে টয়লেটের বালতি বা গামলায় পানি রাখা উচিত নয়। টয়লেটের দরজাও কখনো খোলা রাখা উচিত নয়। একটি ছোট ভুল সারা জীবনের কষ্টের কারণ হতে পারে।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।
সময়ের আলো/আতা