ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে দেশটির সরকার। এই অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৮৬০ হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে সরকারি বাহিনী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েমেন সরকারের সেনাবাহিনীর মুখপাত্র জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে হুতিদের সামরিক অবস্থান লক্ষ্য করে ২ হাজার ১০৩টি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে।
তবে এসব অভিযানে কতজন নিহত, আহত বা আটক হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সরকার। এখানে ‘নিষ্ক্রিয়’ বলতে নিহত, আহত বা যুদ্ধের সক্ষমতা হারানো— কোন অর্থে বোঝানো হয়েছে, তাও স্পষ্ট নয়।
হুতিদের কাছ থেকে এলাকা পুনর্দখলের অভিযান
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি গত রোববার ‘ডন অব ইয়েমেন’ নামে এই সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এর লক্ষ্য হুতিদের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে।
ইরান-সমর্থিত হুতিরা ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে লড়াইয়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন হয়ে থাকে।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে।
সরকারপন্থী বাহিনী মঙ্গলবার প্রণালির কাছাকাছি কৌশলগত এলাকা এবং মোখা শহরের আশপাশে অভিযান শুরু করে। হুতিরা গত সেপ্টেম্বরে মোখা দখল করেছিল।
সৌদি জোটের হামলায় ৮২ হুতি লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি
এদিকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, তারা সাদা, হোদেইদা, আল-জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮২টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে।
জোটের মুখপাত্র জানান, ধ্বংস করা লক্ষ্যবস্তুর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্থাপনাও ছিল। এর মধ্যে সাদা প্রদেশের পাহাড়ি এলাকায় থাকা ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের মজুতকেন্দ্র রয়েছে।
সৌদি জোটের এই অভিযান শুরু হয় মঙ্গলবার ও বুধবার সৌদির দুটি বিমানবন্দরে হুতিদের হামলার পর।
সৌদির দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুতিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট তিনজন নিহত হয়েছেন।
সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, কিং খালিদ বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আর আবহা বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন দুজন এবং আহত হয়েছেন ২৮ জন।
এভাবে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর নতুন অভিযান এবং সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা হামলার মধ্যে দেশটির সংঘাত আরও তীব্র হয়ে উঠছে।
সময়ের আলো/ইউএমএইচ