বিদেশ ভ্রমণে যাওয়ার আগে মানি চেঞ্জার থেকে নগদ ডলার কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন বাংলাদেশি নাগরিক ভ্রমণ কোটার আওতায় একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ কিনতে পারবেন। আগে এই সীমা ছিল ২ হাজার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি-সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা হিসেবে বিক্রি করতে পারবে। এতদিন একই ব্যবস্থায় একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার নগদ কেনার সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ ডলার সংগ্রহে গ্রাহকদের সক্ষমতা বাড়বে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তার প্রযোজ্য বার্ষিক কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতার ওপর নির্ভর করে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রার নোট ও মুদ্রা হিসেবেও বিক্রি করা যাবে। অর্থাৎ কোনো গ্রাহকের বার্ষিক ভ্রমণ কোটায় বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ অবশিষ্ট থাকলে এবং প্রয়োজনীয় মুদ্রা পাওয়া গেলে, নির্ধারিত নিয়মের মধ্যে মানি চেঞ্জার থেকে তা নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে বিদেশ যাওয়ার সময় নগদ বৈদেশিক মুদ্রার প্রয়োজন রয়েছে— এমন যাত্রীদের জন্য মানি চেঞ্জারের মাধ্যমে মুদ্রা সংগ্রহের প্রক্রিয়া কিছুটা সহজ হবে। বিশেষ করে আগে একবারে ২ হাজার ডলারের সীমার কারণে যাদের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা সংগ্রহে আলাদা ব্যবস্থা নিতে হতো, তারা এখন একবারেই তুলনামূলক বেশি ডলার নিতে পারবেন।
সময়ের আলো/প্রিন্ট/এমকে