ছবি : সংগৃহীত ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা...’ চারদিকে যেন এখন সোনারই আওয়াজ। বিশেষ করে নারী সমাজে। রান্নাঘর থেকে বসার ঘর, আত্মীয়ের বাড়ি থেকে বান্ধবীদের আড্ডা— আলোচনার বড় একটি অংশজুড়ে এখন সোনার দাম। দীর্ঘদিন চড়া দামে বিক্রি হওয়া সোনা টানা দরপতনে দুই লাখ টাকার নিচে নামতেই অনেকের মনে নতুন করে গহনা কেনার সাধ জেগেছে। কেউ হিসাব করছেন জমানো টাকা দিয়ে কতটুকু সোনা কেনা যাবে, কেউ পুরোনো গহনা বদলে নতুন নকশার কিছু বানানোর কথা ভাবছেন।
আবার কেউ ভাবছেন, দাম আরও কমলে কিনবেন, নাকি এখনই সুযোগটা কাজে লাগাবেন। যারা এত দিন অপেক্ষা করতে করতে সোনা কেনেননি, তাদের কারও কারও মনে এখন আক্ষেপও কাজ করছে। আক্ষেপ তাদেরও যারা চড়া দামের সময় বিক্রি করতে গিয়েও করেননি, এইকথা ভেবে— যাক, আরেকটু বাড়ুক।
ঢাকার একটি মধ্যবিত্ত পরিবার। পরিবারের গৃহিণী শারমিন। কয়েক বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছেন। সংসারের খরচ সামলে কখনো পাঁচশ, কখনো এক হাজার টাকা আলাদা করে রাখেন। উদ্দেশ্য, নিজের জন্য একজোড়া কানের দুল কিংবা ছোট একটি চেইন কেনা। একসময় ৪০-৫০ হাজার টাকা জমেছিল তার। কিন্তু তখন সোনার দাম এতটাই বেশি ছিল যে ওই টাকায় পছন্দের গহনা কেনা সম্ভব হচ্ছিল না। সামান্য ওজনের একটি গহনা কিনলেও নকশা পছন্দ হতো না। তাই ভেবেছিলেন, আরও কিছু টাকা জমিয়ে তারপর কিনবেন।
এর মধ্যে সোনার দাম বাড়তে বাড়তে নাগালের বাইরে চলে যায়। শারমিনের জমানো টাকাও আর সোনার বাজারের সঙ্গে পাল্লা দিতে পারেনি। একসময় গহনা কেনার পরিকল্পনাটাই বাদ দেন তিনি। কিন্তু সাম্প্রতিক দরপতনের খবর শুনে আবার নড়েচড়ে বসেছেন। স্বামীকে বলছেন, আগের জমানো টাকার সঙ্গে আরও কিছু যোগ করলে এবার হয়তো একটি ভালো কানের দুল বা ছোট চেইন কেনা সম্ভব হবে।
শুধু শারমিন নন, এমন হিসাব করছেন অনেক গৃহিণী। সংসারের নানা খরচের মধ্যেও যারা নিজেদের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছেন, তাদের কাছে সোনার দাম কমে আসাটা নতুন সুযোগের মতো। এত দিন যে গহনা কেনার কথা ভাবতেও সাহস করেননি, এখন সেটি কেনার পরিকল্পনা করছেন কেউ কেউ।
কেউ কিনবেন, কেউ বদলাবেন, কারও আবার আফসোস : সোনার দাম কমার খবরে একেকজনের আগ্রহ একেক রকম। যাদের হাতে কিছু সঞ্চয় আছে, তারা নতুন গহনা কেনার কথা ভাবছেন। কেউ বিয়ের জন্য মেয়ের গহনা কিনতে চান। কেউ আবার নিজের ব্যবহারের জন্য ছোটখাটো অলংকার কেনার পরিকল্পনা করছেন। যাদের ঘরে পুরোনো আমলের ভারী গহনা রয়েছে, তাদের মধ্যেও নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। পুরোনো নকশার গহনা বদলে হালকা ও আধুনিক নকশার কিছু বানানোর ইচ্ছা অনেকের। বিশেষ করে যারা প্রতিদিনের ব্যবহারের জন্য গহনা চান, তাদের কাছে এই সময়টা আকর্ষণীয় হয়ে উঠেছে।
আবার কারও ভাবনা একেবারেই উল্টো। যাদের কাছে পুরোনো সোনা রয়েছে, তারা দাম কমে যাওয়ায় বিক্রি করতে চাইছেন না। বরং দাম আরও বাড়ার অপেক্ষায় থাকতে চান। কেউ কেউ আবার আগে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন আফসোস করছেন। তাদের ধারণা, আর কিছু দিন অপেক্ষা করলে হয়তো ভালো দাম পাওয়া যেত।
এ নিয়ে আত্মীয়স্বজন ও বান্ধবীদের মধ্যেও চলছে নানা আলোচনা। কে কখন কিনেছেন, কত দামে কিনেছেন, এখন বিক্রি করলে কত পাওয়া যাবে— এসব হিসাবও বাদ যাচ্ছে না।
দেশের বাজারে সোনার দাম কমার ধারাটি শুরু হয় নভেম্বরের প্রথম সপ্তাহে। এরপর টানা ৯ দফা দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে ২২ ক্যারেট সোনার ভরিতে দাম কমে ৩৪ হাজার ৬৯০ টাকা। গত ২২ নভেম্বর ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নেমে আসে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। এক বছরের বেশি সময় পর প্রথমবারের মতো দাম দুই লাখ টাকার নিচে নামে।
তবে এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৩ নভেম্বর সোমবার বাজুস আবার ২২ ক্যারেট সোনার ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি ভরির দাম দাঁড়ায় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম আবার বাড়লেও দুই লাখ টাকার নিচেই রয়েছে ২২ ক্যারেট সোনা। আর এই ওঠানামার মধ্যেই ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। নারীদের কাছে সোনা শুধু অলংকার নয়, অনেক ক্ষেত্রে সঞ্চয় ও আর্থিক নিরাপত্তাও।
দাম আরও কমবে, নাকি আবার বাড়বে : আন্তর্জাতিক বাজারে দাম কমলেই বাংলাদেশের বাজারে একই হারে দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। দেশের বাজারে ডলারের বিনিময় হার, আমদানি ও সরবরাহ পরিস্থিতি, স্থানীয় বাজারে সোনার চাহিদা এবং বাজুসের মূল্য নির্ধারণের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। ফলে আন্তর্জাতিক বাজারে দরপতনের পরও স্থানীয় বাজারে দাম কমতে সময় লাগতে পারে। আবার আন্তর্জাতিক বাজারে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিলেও দেশের বাজারে তার প্রভাব পড়তে পারে।
সোনার বাজারে স্বল্পমেয়াদে আরও দরপতনের সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যায় না, তেমনি আবার দাম বাড়ার ঝুঁকিও রয়েছে। তাই দাম আরও কমার আশায় অপেক্ষা করবেন, নাকি বর্তমান দরেই কিনবেন— এ সিদ্ধান্ত নিতে গিয়ে ক্রেতাদের আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতির পাশাপাশি স্থানীয় বাজারের পরিস্থিতিও বিবেচনায় নিতে হচ্ছে।
সব মিলিয়ে সোনার বাজারের সাম্প্রতিক দরপতন নারী সমাজে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোনার দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা সময়ই বলবে। তবে আপাতত সংসারের হিসাবের খাতায় নতুন করে জায়গা করে নিয়েছে সোনা।
তবে গহনা কেনার ক্ষেত্রে শুধু ঘোষিত দাম দেখলেই হবে না। এর সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাটের হিসাবও রয়েছে। পুরোনো গহনা বদলানোর ক্ষেত্রেও নির্দিষ্ট হারে মূল্য কর্তনের নিয়ম আছে। তাই কেনার আগে কিংবা পুরোনো সোনা বিক্রির সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয় জেনে নেওয়া জরুরি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি